Market note
খালি হাতে গাড়ি বানায় যে দেশ, তার অটোমোবাইল ইন্ডাস্ট্রি নেই কেন?
08 November 2026 · Shakil Tanvir
লুকিয়ে থাকা ওই ফ্যাক্টরিগুলোকে আমি ব্যর্থতা হিসেবে দেখি না, দেখি সুযোগ হিসেবে। কোনো ডিজাইন, ট্রেনিং বা সরকারি সাহায্য ছাড়াই যারা গাড়ি বানিয়ে ফেলছেন, ঠিকঠাক প্রযুক্তি, টেস্টিং আর পলিসির সাপোর্ট পেলে তারা কোথায় যেতে পারেন, একবার ভাবুন তো। মোটরসাইকেলে আমরা করে দেখিয়েছি। এখন ঠিক করতে হবে, এই সম্ভাবনাকে মাটির উপরে তুলে আনব, নাকি আরও দশ বছর অভিযান আর চাঁদাবাজির মধ্যেই আটকে রাখব।

Underground ফ্যাক্টরি থেকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি: আমরা কী মিস করছি?
কিছুদিন আগে কয়েকটা ফ্যাক্টরিতে যাওয়ার সুযোগ হয়েছিল, যেখানে ইজিবাইক আর ব্যাটারিচালিত অটোরিকশা বানানো হয়। যাওয়ার রাস্তা বলতে গেলে নেই, গেটে কোনো সাইনবোর্ড নেই। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কী চলছে।
ভেতরে ঢুকে একটু চমকেই গিয়েছিলাম। হাইড্রোলিক প্রেসে নিজেদের বানানো ডাই বসিয়ে মেটাল শিট কাটা হচ্ছে। কাটিং আর বেন্ডিং মেশিনে বডির প্যানেল হচ্ছে, পাইপ বেন্ডারে চেসিসের ফ্রেম। লেদে এক্সেল আর হাব বানানো হচ্ছে, কেউ ওয়েল্ডিং করে ফ্রেম জোড়া দিচ্ছে, এক কোনায় রং করার জায়গা। ফাইবারগ্লাসের পার্টস বাইরে থেকে আনা, আর লেড-অ্যাসিড ব্যাটারির জন্য আলাদা ফ্যাক্টরি আছে। কারো হাতে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখিনি, বেশিরভাগ কর্মীর প্রাতিষ্ঠানিক ট্রেনিংও নেই। অথচ অল্প কিছু মানুষ মিলে একটা আস্ত গাড়ি দাঁড় করিয়ে ফেলছেন, আর এখান থেকেই অনেক পরিবারের সংসার চলছে।
পরে খোঁজ নিয়ে দেখলাম, এটা বিচ্ছিন্ন কিছু না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ২০২২ সালের একটা রিপোর্ট বলছে, ইজিবাইকের প্রায় ৭০ ভাগ পার্টস, যেমন চেসিস, বডি, চাকা আর ব্যাটারি, দেশেই তৈরি হয়। এই লোকাল ইন্ডাস্ট্রির আকার ১৭,৫০০ কোটি টাকার বেশি।
তারপরও আকিজ, আরএফএল বা ওয়ালটনের মতো এরা সামনে এসে ব্যবসা করতে পারে না, কারণ যে গাড়ি বানায় তার আইনি স্বীকৃতি নেই। ফেরার পথে একটা প্রশ্ন মাথা থেকে যাচ্ছিল না। যে দেশের মানুষ প্রায় খালি হাতে গাড়ি বানিয়ে ফেলে, সেখানে একটা ঠিকঠাক অটোমোবাইল ইন্ডাস্ট্রি কেন নেই?
আগে একটা কথা পরিষ্কার করি
আমি এখনকার ডিজাইনের থ্রি-হুইলারকে লিগ্যাল করার পক্ষে না। হাইওয়েতে এগুলো মরণফাঁদ। ব্রেক দুর্বল, ব্যালেন্স খারাপ, সেফটি স্ট্যান্ডার্ড বলে কিছু নেই।
সরকার যে একেবারে দরজা বন্ধ করে রেখেছিল, তাও না। ২০২০ সালে BRTA একটা সার্কুলার দিয়ে এগুলোর রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিল। কিন্তু একটা গাড়িও রেজিস্ট্রেশন পায়নি, কারণ ডিজাইন শর্ত পূরণ করতে পারেনি। অনুমতি ছিল, কিন্তু গাড়িগুলো সেই মানের ছিল না। তাই আমার কাছে সমস্যাটা যতটা আইনের, তার চেয়ে বেশি ইঞ্জিনিয়ারিংয়ের।
সংখ্যাটাও ছোট না। সেপ্টেম্বরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ ব্যাটারিচালিত রিকশা আর ইজিবাইক চলছে, আর এগুলোকে নিয়মের মধ্যে আনতে সরকার পলিসি তৈরি করছে।
সরকার দেরি করছে কেন
কিছু যুক্তি আছে, মানতেই হবে। লিগ্যাল করলে প্রতিটা দুর্ঘটনার দায় সরকারের ঘাড়ে আসে। বিদ্যুতের হিসাবও আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী, অবৈধ চার্জিংয়ের কারণে সরকার বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
সীসার ব্যাপারটা নিয়ে আমরা খুব কম কথা বলি। ইউনিসেফের হিসাবে দেশে প্রায় সাড়ে তিন কোটি শিশুর রক্তে সীসার মাত্রা বিপজ্জনক। এর বড় একটা উৎস খোলা জায়গায় পুরনো লেড-অ্যাসিড ব্যাটারি রিসাইকেল করা। গবেষকরা বলছেন, লাখ লাখ ইজিবাইক এই ব্যাটারির চাহিদা আরও বাড়িয়ে দিচ্ছে।
আরেকটা কারণ আছে, যেটা কেউ মুখে বলে না। অবৈধ থাকলে কারো কারো লাভ। চালকদের অভিযোগ, অভিযানে গাড়ি ধরা পড়লে ছাড়াতে মোটা টাকা লাগে, নিয়মিত চাঁদাও দিতে হয়। যারা এই ব্যবস্থা থেকে টাকা পায়, তারা কেন চাইবে সবকিছু নিয়মে আসুক?
পলিসি আছে, মাঠে নেই
তাহলে কি দেশে অটোমোবাইল পলিসিই নেই? আছে। ২০২১ সালে শিল্প মন্ত্রণালয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি জারি করেছে, লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এই অঞ্চলের অটোমোবাইল হাব বানানো। দেশে তৈরি গাড়ি কিনলে ট্যাক্স রিবেট, রপ্তানিতে ১৫ শতাংশ ক্যাশ ইনসেনটিভ, এসবও কাগজে আছে। কিন্তু মাঠে তার ছাপ খুব একটা দেখি না। আর যে সেক্টরে সবচেয়ে বেশি গাড়ি চলছে, সেই থ্রি-হুইলার এখনো এই কাঠামোর বাইরে।
হাতে দক্ষতা আছে, পেছনে জ্ঞান নেই
ফ্যাক্টরিতে যাদের দেখেছি, তারা জানেন কীভাবে বানাতে হয়। কিন্তু কেন ওভাবে বানাতে হয়, সেটা শেখার সুযোগ পাননি। চেসিসে কতটা লোড পড়বে, ওয়েল্ডিং ঠিক হলো কিনা, ব্যাটারির BMS কী কাজ করে, এগুলো শুধু হাতে কাজ করে শেখা যায় না।
আবার মোটর আর কন্ট্রোলার, মানে গাড়ির আসল প্রযুক্তি যেখানে, সেগুলো এখনো মূলত চীন থেকে আসে। এই সেক্টরের শুরুও হয়েছিল ২০১০ সালের দিকে, চীনা কিট লাগিয়ে রিকশাকে মোটরচালিত করে। এত বছর পরও সেই জায়গা থেকে আমরা খুব বেশি এগোইনি। অথচ এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কন্ট্রোলার বা BMS দেশে ডিজাইন করার মতো ইঞ্জিনিয়ার আমাদের আছে। যেটা নেই, সেটা হলো তাদের এই কাজে লাগানোর মতো ইন্ডাস্ট্রি।
এর একটা বড় কারণ আমাদের উচ্চশিক্ষা। বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে আলাদা অটোমোবাইল বা ইলেকট্রিক ভেহিকেল ডিপার্টমেন্ট এখনো নেই, অথচ রিসার্চের বাজেট আর সবচেয়ে ভালো ছাত্ররা সেখানেই। আর আমাদের এই ছাত্ররাই বিদেশে গিয়ে অটোমোটিভ সেক্টরে ক্যারিয়ার গড়ছে। মেধার অভাব নেই, অভাব দেশে সেটা কাজে লাগানোর জায়গার।
শুধু ডিপার্টমেন্ট খুললেই অবশ্য হবে না। ব্রেক, ব্যালেন্স, দুর্ঘটনার সেফটি আর ব্যাটারি সেফটি পরীক্ষা করার মতো পূর্ণাঙ্গ টেস্টিং ল্যাবও আমাদের নেই। টেস্টিং না থাকলে BSTI অনুমোদন কাগজেই থেকে যায়, আর অসাধু লোকজন সেই ফাঁক দিয়ে সুযোগ নেয়।
বাজারটা আসলে কোথায়
অনেকে বলেন, ১৮ কোটি মানুষের দেশ, গাড়ির বাজার তো বিশাল। আসলে তা না। ২০২১ সালের এক পলিসি বিশ্লেষণ অনুযায়ী, দেশে গাড়ির বাজার বছরে ৩০ হাজার ইউনিটেরও কম, থাইল্যান্ডের বাজারের ৪ শতাংশও না। আর যত গাড়ি আমদানি হয়, তার প্রায় ৭৫ শতাংশই রিকন্ডিশন্ড।
তাই আমাদের আসল বাজার প্রাইভেট কার না, ছোট ইলেকট্রিক গাড়ি। আর এই পথে আমরা আগে একবার সফল হয়েছি, মোটরসাইকেলে। ২০১০ সালে দেশে নিবন্ধিত মোটরসাইকেল ছিল প্রায় ৬ লাখ ৭০ হাজার, ২০২৩ সালে প্রায় ৪২ লাখ। ২০১৬-১৭ অর্থবছরে পার্টস আমদানিতে শুল্ক কমানো হলো, ২০১৮ সালে এলো মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি। তারপর হোন্ডা, সুজুকি, ইয়ামাহা, বাজাজ, টিভিএস, হিরো আর আমাদের রানার দেশেই ফ্যাক্টরি করল। প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে, দুই লাখের মতো মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কাজ করছেন। এখন রাস্তার প্রায় সব মোটরসাইকেলই দেশে তৈরি বা অ্যাসেম্বল করা।
পলিসি ঠিক থাকলে কী হয়, এর চেয়ে ভালো উদাহরণ আমার জানা নেই। ইজিবাইক হতে পারে এর পরের গল্প, হয়তো আরও বড় গল্প।
চীনের দিকে তাকালেও একটা শিক্ষা আছে। ওদের বড় গাড়ি কোম্পানিগুলো দাঁড়িয়েছে সরকারি পরিকল্পনা আর বিদেশি জয়েন্ট ভেঞ্চারে। কিন্তু ছোট ইলেকট্রিক গাড়ির সেক্টরটা শুরু হয়েছিল আমাদের মতোই, ছোট ছোট অগোছালো ওয়ার্কশপে। পরে ধীরে ধীরে সেগুলোকে স্ট্যান্ডার্ডের মধ্যে আনা হয়েছে। আমাদেরও সেটাই করতে হবে, নিজেদের মতো করে।
আমার ভয়টা কোথায়
খসড়া পলিসিতে কিছু ভালো দিক আছে। মোটরসহ দেশে তৈরি পার্টস BSTI অনুমোদিত হতে হবে, নির্মাতাদের BRTA-তে তালিকাভুক্ত আর BIDA-তে নিবন্ধিত হতে হবে। গাড়ির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার, আর জাতীয় মহাসড়কে এগুলো চলবে না।
কিন্তু সার্টিফিকেশন আর টেস্টিংয়ের খরচ যদি বেশি হয়, টিকে থাকবে শুধু বড় কোম্পানিগুলো। যে ফ্যাক্টরিগুলো আমি দেখে এলাম, সেগুলো বন্ধ হয়ে যাবে, কারিগররা কাজ হারাবেন। তখন এটাকে শিল্প গড়া বলা যাবে না। বলতে হবে, কয়েকটা কোম্পানির হাতে বাজার তুলে দেওয়া।
তাহলে কী করা যায়
আমার মাথায় কয়েকটা জিনিস আসে।
সার্টিফায়েড ক্যাটাগরি: গাড়িকে না, একটা সার্টিফায়েড ক্যাটাগরিকে লিগ্যাল করা হোক। স্পিড, ব্রেক, চেসিস আর ব্যাটারি সেফটির পরিষ্কার স্ট্যান্ডার্ড থাকবে। যে ডিজাইন পাস করবে, সেটাই রেজিস্ট্রেশন পাবে। বড় ছোট সবার জন্য একই নিয়ম।
টেস্টিং ল্যাব: একটা ন্যাশনাল ভেহিকেল টেস্টিং ল্যাব আর সার্টিফিকেশন সেন্টার দরকার। সাথে যেসব এলাকায় এমন ফ্যাক্টরি বেশি, সেখানে কম খরচে সবাই মিলে ব্যবহার করা যায় এমন ল্যাব, যাতে ছোট নির্মাতারাও টেস্ট করাতে পারে।
শিক্ষা ও দক্ষতা: সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে অটোমোবাইল আর ইলেকট্রিক ভেহিকেল ডিপার্টমেন্ট খোলা দরকার, আর ইন্ডাস্ট্রি, পলিটেকনিক আর ইউনিভার্সিটিকে এক টেবিলে বসাতে হবে। ফ্যাক্টরির কারিগরদের জন্য শর্ট কোর্স আর স্কিল সার্টিফিকেট চালু করা যায়। এই মানুষগুলোই আমাদের আসল সম্পদ, এদের বাদ দিয়ে কিছু হবে না।
দেশি মোটর, কন্ট্রোলার ও BMS: এগুলো দেশে বানানোর জন্য আলাদা ইনসেনটিভ দেওয়া হোক, মোটরসাইকেলে যেভাবে শুল্ক সুবিধা দিয়ে লোকাল ম্যানুফ্যাকচারিং টেনে আনা হয়েছিল।
অর্থায়ন ও ব্যাটারি রোডম্যাপ: ছোট অটোমোটিভ স্টার্টআপগুলো যাতে মান বাড়াতে পারে, সেজন্য সুদমুক্ত লোন দরকার। আর লেড-অ্যাসিড ব্যাটারি নিরাপদে রিসাইকেল করা এবং ধীরে ধীরে লিথিয়ামে যাওয়ার একটা পরিষ্কার রোডম্যাপ চাই।
শেষে
লুকিয়ে থাকা ওই ফ্যাক্টরিগুলোকে আমি ব্যর্থতা হিসেবে দেখি না, দেখি সুযোগ হিসেবে। কোনো ডিজাইন, ট্রেনিং বা সরকারি সাহায্য ছাড়াই যারা গাড়ি বানিয়ে ফেলছেন, ঠিকঠাক প্রযুক্তি, টেস্টিং আর পলিসির সাপোর্ট পেলে তারা কোথায় যেতে পারেন, একবার ভাবুন তো। মোটরসাইকেলে আমরা করে দেখিয়েছি। এখন ঠিক করতে হবে, এই সম্ভাবনাকে মাটির উপরে তুলে আনব, নাকি আরও দশ বছর অভিযান আর চাঁদাবাজির মধ্যেই আটকে রাখব।
শাকিল তানভীর, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার | এমবেডেড সিস্টেমস ও ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স